Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভাসিটির ট্রাস্টি বোর্ডের সচিব আরিফ ইকবাল আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ০২ অক্টোবর, ২০১৮

সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব আরিফ ইকবাল চৌধুরী (৪১) আর নেই। মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর ছেলে আরিফ ইকবাল মৃত্যুকালে বাবা, স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।  

পারিবারিক সূত্রে জানা যায়, আরিফ দীর্ঘদিন ধরে হার্টের অসুখ ও পেইনক্রিয়াস রোগে ভুগছিলেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ইকবাল আহমদ  চৌধুরীর দুই ছেলের মধ্যে আরিফ ছোট। তাঁর বড় ভাই ও মা আগেই মারা গেছেন।

বুধবার (৩ অক্টোবর) দুপুর ২টায় গ্রামের বাড়ি গোলাপগঞ্জের রফিপুর গ্রামে নামাজের জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

এদিকে আরিফ ইকবাল চৌধুরীর মৃত্যুতে বুধবার নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.