নিজস্ব প্রতিবেদক | ০৩ অক্টোবর, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আজ (বুধবার)। এতে প্রার্থী হয়েছেন চারজন। এরমধ্যে তিনজনই নতুন। এই তিনজনই স্বতন্ত্র প্রার্থী। কেবল আওয়ামী লীগের প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু আগেও মেয়রের দায়িত্বে ছিলেন।
নির্বাচনের আগে তাই ভোটারদের কাছে প্রশ্ন- কে হচ্ছেন নতুন মেয়র? পুরনোজন, না নতুন কেউ বসছেন পৌরকর্তার চেয়ারে।
আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ইতিমধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্র পৌঁছেছে ব্যালট বাক্সসহ সরঞ্জামাদি।
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ব্যতীত আর কোন রাজনৈতিক দল ভোটের লড়াইয়ে মাঠে থাকছেন না তা আগেই জানা গেছে। এ নির্বাচনে বিএনপি তাদের প্রার্থী দিলেও মনোনয়ন যাচাই বাছাইয়ে তাদের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়।
ভোটের লড়াইয়ে নৌকা প্রতীকে সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু ছাড়াও রয়েছেন জগ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল। মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন। তিনি এ পৌরসভার সর্বশেষ নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ছিলেন। নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস।
ভোটের আগের দিন চার প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। সুষ্ঠ নির্বাচন হলে বিজয়ী হওয়ার কথা জানিয়েছেন সবাই।
এদিকে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। আইন শৃঙ্খলাবাহিনীর মধ্যে পুলিশের ৩টি স্ট্রাইকিং ফোর্স, একটি মোবাইল টিম, ৩ প্লাটুন বিজিবি এবং র্যাবের ৪টি দল মাঠে থাকবে।
গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা করেছে। এখন কেবল ভোটের অপেক্ষা।
উল্লেখ্য, সর্বশেষ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন জাকারিয়া আহমদ পাপলু। এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রয়াত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী।
এ নির্বাচনে সিরাজুল জব্বার চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেন। গত ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়।
প্রসঙ্গত, গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১হাজার ৬শত ৩২জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০হাজার ৯শত ৫৮জন ও মহিলা ভোটার সংখ্যা ১০হাজার ৬শত ৭৪জন।