Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ নেতাকে ‘হুমকি’, সাংসদ কয়েসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ০৩ অক্টোবর, ২০১৮

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের বিরুদ্ধে মানহানি ও হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সাব্বিরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ম ফারজানা ইয়াসমিনের আদালতে মানহানিকর বক্তব্য ও হত্যার হুমকি প্রদানের অভিযোগে এ মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী সৈয়দ মহসীন আলী সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বাদীর ছেলের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য ও হত্যার হুমকি প্রদান করেন। এই অভিযোগেই আজ এ মামলা দায়ের করা হয়।

তিনি আরো জানান, আদালত মামলাটির শেষে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

এ ব্যাপারে জানতে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, মামলার বিষয়ে আমি এখনো কিছু জানি না। আমি কাউকেই হুমকি দেইনি।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ মিথ্যে মামলা দায়ের করা হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.