সিলেটটুডে ডেস্ক | ০৩ অক্টোবর, ২০১৮
সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, দেশের ঐতিহ্যবাহী একটি আদালত হলো সিলেট জজকোর্ট। এই আদালত প্রাঙ্গণকে সুন্দর রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (৩ অক্টোবর) বিকেলে সিলেট জজ কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার নিজস্ব অর্থায়নে নির্মিত আইনজীবী সহকারী ৫তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
আদালত প্রাঙ্গণে সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, যে কোন কাজ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে করলে কোন কিছুই বাধা সৃষ্টি করতে পারেনা। সিলেট আইনজীবী সহকারী সমিতির এই কাজ অন্যান্য সমিতিকে অনুপ্রাণিত করবে বলে তিনি মত প্রকাশ করেন।
সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আফাজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি এডভোকেট এ. কে. এম সামিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট ইমরান আহমদ, রকিব আলী খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট আইনজীবী সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলাম ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মো. নুরুল হক নাহিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সুলতান আহমদ চৌধুরী ও পবিত্র গীতা পাঠ করেন শ্রী দিলীপ চন্দ্র দেব চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি মো. আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন আফাজ, বিরেন্দ্র চন্দ্র মল্লিক, মো. ফখরুল ইসলাম, সজীব কুমার চন্দ, সুলতান আহমদ চৌধুরী, শাহ মো. এমাদুল হক রাজন, শেখ হাসানুজ্জামান, মো. নুরুল হক নাহিদ, শাহ আব্দুল মতিন।