Sylhet Today 24 PRINT

জামিন পেলেন বিএনপি নেতা আলী আহমদ

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০১৮

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে সকালে জেলা বিএনপি এ নেতার জামিন চেয়ে তার আইনজীবীরা আদালতে জামিন আবেদন জমা দেন। পরে এ জামিন আবেদনের শুনানি শেষে ২০ হাজার টাকা জামানতে আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেন তার আইনজীবী আতিকুর রহমান শামীম।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর আলী আহমদ একই মামলায় আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই সিলেট সিটি নির্বাচনের পূর্বে দুই কর্মীর মুক্তির দাবীতে উপশহরে মহানগর পুলিশ উপ কমিশনার (দক্ষিণ) কার্যালয়ের সামনে আন্দোলন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা সড়কে বসে তারা দুই কর্মীকে ছেড়ে দেয়ার দাবি জানান।

একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাদের জানান, ওই দুজনকে ওসমানীনগর থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এরপর বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। পরে ওই ঘটনায় ‘পুলিশের কাজে বাধা দেয়ার’ অভিযোগ এনে মামলা করা হয়।

এ মামলার অন্য আসামীরা উচ্চ আদালত থেকে পূর্বে জামিন নিলেও আলী আহমদ তখন জামিন নেন নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.