Sylhet Today 24 PRINT

সিলেট ৩ আসনে আ. লীগের মনোনয়ন চান সেলিম

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি  |  ০৪ অক্টোবর, ২০১৮

সিলেট-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে দলীয় হাইকমান্ডের কাছে দলীয় মনোনয়ন চাইলেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. আখলাকুর রহমান চৌধুরী সেলিম।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বক্তব্য রাখেন।

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরে এসময় তিনি বলেন- আমার প্রয়াত বড় ভাই লুৎফুর রহমান ৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে যুক্তরাজ্য এ্যাকশন কমিটির সাধারণ সম্পাদক ও লুটন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

লিখিত বক্তব্যে ওয়ান ইলেভেনে নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন- বিগত দশ বছর ধরে সিলেট-৩ নির্বাচনী এলাকায় তৃণমূলের নেতাকর্মীরা অবহেলা আর উপেক্ষার শিকার। আওয়ামী লীগকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজনের মধ্য থেকে দলীয় মনোনয়ন প্রদানের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মফজ্জ্বিল আলী, তৃণমূল আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, হারুন মিয়া, উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রুনু মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.