নিজস্ব প্রতিবেদক | ১২ জুলাই, ২০১৫
সিলেটের জৈন্তাপুর উপজেলার পুড়াখাই নদীতে সহপাঠির ছোঁড়া ঢিলের আঘাতে জ্ঞান হারিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে এক স্কুল ছাত্র । নিহত আব্দুল কাদির শাহরিয়ার (১২) উপজেলার সারীঘাট সরুফৌদ (রনি) গ্রামের জাহাঙ্গীর উদ্দিনের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়- রবিবার দুপুর ১টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিগন্তের ছাত্র গোয়াইনঘাট উপজেলার টিকর গ্রামের টেন্ডল হাজির ছেলে জামিল (৯) ও শাহরিয়া পুড়াখাই নদীতে গোসল করতে নামে । তারা পানিতে নেমে ঢিল ছুড়াছুড়ি খেলতে থাকে। খেলার এক পর্যায়ে জামিলের ছোড়া ঢিলে শাহরিয়ারের মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এতে সে জ্ঞান হারিয়ে পানিতে ডুবে যায়। এসময় জামিল কিছুক্ষণ অপেক্ষা করে বাড়ী ফিরে যায়।
এদিকে শাহরিয়ার বাড়ী না ফেরায় আত্মীয়স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। পরে বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলার পুড়াখাই নদীতে শাহরিয়ারের মৃতদেহ ভেসে ওঠে।
বিষয়টি তাৎক্ষনিকভাবে জৈন্তাপুর মডেল থানায় জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলক চন্দ্র বসাক ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে শাহরিয়ারের লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক জানান- এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।