Sylhet Today 24 PRINT

সোনার বাংলা বিনির্মাণে সরকার কাজ করছে: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক |  ০৬ অক্টোবর, ২০১৮

সোনার বাংলা বিনির্মাণের জন্য সরকার কাজ করছে উল্লেখ করে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদেরকে এক হয়ে নিজ দায়িত্ব পালন করতে হবে। কেননা আওয়ামী লীগ সরকারের  রাষ্ট্রের উন্নয়নের কর্মপদ্ধতি এখন রাষ্ট্রের কর্মপদ্ধতি হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘সরকারের আমলে দেশে উন্নয়নের জোয়ার তৈরি হয়েছে। বঙ্গবন্ধু থাকলে দেশের এ উন্নয়ন আরো অনেক আগেই হতো। এসব উন্নয়ন কর্মকাণ্ড ধরে রাখতে হলে রাজনীতিবিদ, সাংবাদিকসহ সবাই মিলে ভালো পরিবেশ তৈরি করতে হবে।’

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত ও জান্নাতুল নাজনীন আশার যৌথ সঞ্চালনায় চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান (বিপিএম), সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

এসময় জেলা প্রশাসন আয়োজিত রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আলোচনা সভার অতিথিরা।

তিনদিনের এ মেলায় স্টল ও জনসাধারণের সেবায় শ্রেষ্ঠ স্টলের স্বীকৃতি পায় সিলেট সদর উপজেলা ভূমি অফিসের স্টল।

এছাড়া যৌথভাবে তিনটি প্রতিষ্ঠান দ্বিতীয় স্থান অর্জন করে। স্টলগুলো হলো সড়ক ও জনপথ অধিদপ্তর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ সেনাবাহিনী।

মেলায় যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা কর্মসংস্থান অফিসের স্টল। বিশেষভাবে সম্মাননা দেয়া হয় সিলেট জেলা শিল্পকলা একাডেমিকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.