দিরাই প্রতিনিধি | ১২ জুলাই, ২০১৫
আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, ধর্ম কে বাদ দিয়ে রাজনীতি, সমাজ সংস্কৃতি কিছু নয়, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
তিনি আরোও বলেন, বিদেশী ক্রীড়নক সাম্প্রদায়িক শক্তি ৭৫’এর পনেরই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশে হত্যার রাজনীতি শুরু করে। এদেশে আর যাতে জঙ্গিবাদের ও সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে না পারে, তারা যেনো আর পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করতে না পারে আজকের এই ইফতার মাহফিল থেকে এ দোয়া কামনা করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে হবে।
আজ রবিবার দিরাই উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বাগান বাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদের পরিচালনায় এতে আরোও বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল, ইউএনও মোহাম্মদ আলতাফ হোসেন,সিনিয়র সহকারি পুলিশ সুপার(দিরাই সার্কেল) এম ছুরত আলম, ওসি বায়েছ আলম, আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজদৌলা, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান (এওর ) উপজেলা যুবলীগের আহবায়ক রঞ্জন রায়, ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি শাহেল আহমদ চৌধুরী প্রমুখ।
ইফতার মাহফিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ ইউপি চেয়ারম্যান ও সদস্য বৃন্দ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, গণমাধ্যমকর্মী ও পৌর কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।