Sylhet Today 24 PRINT

দ্বিতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব নিলেন আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০১৮

সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আরিফুল হক চৌধুরী।

সোমবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তিনি করপোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

এর আগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন নবনির্বাচিত মেয়র। এ সময় তার সাথে বেশ কয়েকজন কাউন্সিলর, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারত শেষে মেয়রের দায়িত্ব গ্রহণের জন্য নগর ভবনে প্রবেশ করলে আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের পরপর দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরী ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ৮ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে চলে যান। সেখানে তিনি প্রায় ২৩ দিন অবস্থানের পর ২৭ শে সেপ্টেম্বর সিলেটে ফেরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.