Sylhet Today 24 PRINT

সিলেটে অভিবাসন-প্রত্যাশীদের মনোসামাজিক সেবা দেবে ব্র্যাক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৮

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ১০ অক্টোবর বুধবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হবে। দিনটিতে বিদেশ- ফেরত অভিবাসী ও তাদের পরিবার এবং অভিবাসন-প্রত্যাশীদের বিনামূল্যে মনোসামাজিক সেবা দেবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ১০ জন কাউন্সেলর।

মঙ্গলবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার এই তথ্য জানিয়েছে।  

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৭৬ থেকে ২০১৮ সালের আগস্ট মাস পর্যন্ত এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার ২৯৯ জন কর্মী কাজের জন্য বিদেশে গমন করেছেন। এদের মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৫২ জন রয়েছেন নারী কর্মী। প্রতিবছর অনেক কর্মী নানা কারণে বিদেশ থেকে দেশে ফেরত আসছেন। এদের অনেকেরই মনোসামাজিক সেবা প্রয়োজন।

১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের হাত ধরে ব্র্যাক যাত্রা শুরু করে। বর্তমানে ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে বিশ্বদরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাক নিরলসভাবে কাজ করে চলেছে। ব্র্যাক পরপর তিনবার পৃথিবীর সেরা বেসরকারি সংস্থার মর্যাদা লাভ করেছে। ব্র্যাকের উল্লেখযোগ্য একটি কর্মসূচি মাইগ্রেশন প্রোগ্রাম।

২০০৬ সাল থেকে বাংলাদেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে  নিরাপদ অভিবাসন নিশ্চিত, মানবপাচার প্রতিরোধ, সচেতনতা সৃষ্টি এবং বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে কাজ করে যাচ্ছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। বিদেশ-ফেরতদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি একেবারে উপেক্ষিত থেকে যায়। অনেক সময়ই তারা বিষণ্ণ দিন কাটান। নানা সংকটে পড়েন।

১৯৯২ সাল থেকে প্রতিবছর ১০ই অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য YOUNG PEOPLE AND MENTAL HEALTH IN A CHANGING WORLD।

আমরা দেখেছি কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়ে অভিবাসী কর্মীদের অনেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরত আসছেন। যারা হতাশা, মানসিক যন্ত্রণা, বিষন্নতার মুখোমুখি হন তাদের অনেকে বয়সেও তরুণ। সমস্যা সমাধানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জেলা পর্যায়ে অবস্থিত দশটি রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার অফিসে বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের মনোসামাজিক সেবা প্রদান করে চলেছে। এর উদ্দেশ্য হল বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক সেবা প্রদানের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনধারায় ফিরিয়ে আনতে সহযোগিতা করা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার অফিসে প্রশিক্ষিত কাউন্সেলরদের মাধ্যমে দিনব্যাপী মনোসামাজিক সেবা প্রদান করবে। এখানে বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা মনোসামাজিক সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশের যে কোন জায়গা থেকে বিনামূল্যে মনোসামাজিক সেবা পেতে ঢাকা, কুমিল্লা, সিলেট, খুলনা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নরসিংদী, নোয়াখালী, সিরাজগঞ্জ ও শরীয়তপুরে আপনার নিকটস্থ রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার অফিসে যোগাযোগ করতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সিলেটে যোগাযোগের ঠিকানা: রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, বাসা # ৪৪, রোড # ১৪, ব্লক-বি, শাহজালাল  উপশহর, সিলেট। প্রয়োজনে মোবাইল: ০১৭৩০-৩৫০ ৭০৮

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.