সুনামগঞ্জ প্রতিনিধি | ১২ অক্টোবর, ২০১৮
সুনামগঞ্জে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। নিহতের নাম আজাদ মিয়া (৪০)। তিনি সুনামগঞ্জ শহরের আরপিন নগরের সরকারি পুকুর পাড়ের করিম বক্সের ছেলে।
আহত মোটরসাইকেল চালক রিপন বাল্মিকীকে (৪০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
শুক্রবার ( ১২ অক্টোবর) দুপুর ২টার দিকে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ-সুনামগঞ্জ সড়কের লালারচর গ্রাম পার্শ্ববর্তী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক সুনামগঞ্জ শহরের উত্তম লাল কলোনির রিপন বাল্মিকী বেতগঞ্জ বাজার থেকে সুনামগঞ্জ শহরের দিকে আসছিলেন। অপরদিকে সুনামগঞ্জ শহর থেকে একটি যাত্রীবাহী লেগুনা বেতগঞ্জ বাজারে যাচ্ছিল। লালারচর গ্রামের পার্শ্ববর্তী এলাকায় মোটরসাইকেল ও লেঘুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হন মোটর সাইকেল যাত্রী আজাদ মিয়া। মোটর সাইকেল চালক রিপন বাল্মিকী গুরুতর আহত হন। তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ্ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে কেবল ভাঙাচোরা মোটরসাইকেল পাওয়া গেছে। লেগুনাটি পাওয়া যায়নি। বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ জানায়নি।