Sylhet Today 24 PRINT

সিলেটে ঠোঁট-তালু কাটা রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারির উদ্যোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৮

গত ৪ বছরের ন্যায় এবারও ঠোঁট কাটা, তালু কাটা ও অন্যান্য জটিল রকমের বিকলাঙ্গ রোগীদের জন্য বিনামূল্যে প্লাস্টিক সার্জারির উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অব জালালাবাদ। যুক্তরাষ্ট্র থেকে বিশ্বমানের ২৬ জনের প্লাস্টিক সার্জারি টিম এসব রোগীদের অপারেশন করবেন। আগ্রহী রোগীদের ১৫ অক্টোবরের মধ্যে টেলিফোনে কিংবা সশরীরে উপস্থিত হয়ে সিলেট নগরীর তেলিহাওরস্থ ‘পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে’ বিনামূল্যে নিবন্ধন করতে হবে।

শনিবার (১৩ অক্টোবর) নগরীর মানিকপীর রোডস্থ রোটারি ক্লাব অব জালালাবাদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্লাবের প্রেসিডেন্ট মাসুদ আহমদ চৌধুরী।

লিখিত বক্তব্যে রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী বলেন, বৃহৎ কর্মসূচিতে বিভিন্ন উন্নত দেশ থেকে আগত স্বেচ্ছাসেবী ডাক্তার ও রোটারিয়ানদের দ্বারা পরিচালিত হয়। মানবতার মহান ব্রত নিয়ে বিগত ১১৩ বছর ধরে পৃথিবীর সর্বত্র বিশ্বের বৃহত্তম সেবা সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল বিভিন্নমুখী সমাজসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচন, শান্তি স্থাপন, বিশুদ্ধ পানীয় জল ও পয়:নিষ্কাশন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় মোকাবেলা এবং বিশেষ করে পোলিও নির্মূলে রোটারির অবদান সর্বজনস্বীকৃত। আন্তর্জাতিক বন্ধুত্ব, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্য বৃদ্ধিতেও রোটারি ইন্টারন্যাশনাল প্রশংসনীয় ভূমিকায় অবতীর্ণ।

স্বাস্থ্য সেবায় রোটারি উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে ঠোঁট কাটা, তালু কাটা ও অন্যান্য জটিল রকমের বিকলাঙ্গ রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম পরিচালিত হয়।

তিনি বলেন, জালালাবাদ রোটারি ক্লাবের উদ্যোগে সিলেটে এবার আমেরিকা থেকে ২৬ জন বিশ্বমানের প্লাস্টিক সার্জারি টিম সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁট কাটা, তালু কাটা ও আগুনে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারির মাধ্যমে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার প্রয়াসে জটিল অপারেশন করবেন।

১৬ অক্টোবর বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীবৃন্দ তাদের যন্ত্রপাতি সহকারে আমেরিকা থেকে সিলেট আসবেন। ২৬ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী এই প্লাস্টিক সার্জারি ক্যাম্প পরিচালনার জন্য এই বিশেষজ্ঞ টিম সিলেটে অবস্থান করবেন।

নগরীর পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে এই অপারেশন কার্যক্রম চলবে এবং কার্যক্রম সার্বিক ব্যবস্থাপনায়, সমন্বয় সাধনে, পরিচালনায় ও প্রচারণায় দায়িত্বে রয়েছে রোটারি ক্লাব অব জালালাবাদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রজেক্ট চেয়ারম্যান পাস্ট প্রেসিডেন্ট শফিক আহমদ বখত, পিডিজি সহিদ আহমদ চৌধুরী, মাহবুব সোবহানী চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট ইঞ্জিনিয়ার শোয়েব মতিন, গভর্নর ইলেক্ট প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, পাস্ট প্রেসিডেন্ট আব্দুস সাত্তার, ক্লাব সেক্রেটারি তানভীর আহমদ চৌধুরী, সহসভাপতি বদরুল হক, ক্লাব সদস্য নুরুল আনাম খান ফারুক, ক্লাব সদস্য আবু তালেব মুরাদ এবং ক্লাব সদস্য ইকবাল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.