বিয়ানীবাজার প্রতিনিধি | ১৪ অক্টোবর, ২০১৮
সিলেটের বিয়ানীবাজারে একটি সামাজিক সংগঠনের আয়োজনে আবৃত্তি উৎসবে যোগ দিতে আজ বিয়ানীবাজারে আসছে উপমহাদেশের আবৃত্তিকার শিমুল মুস্তাফা।
আজ রবিবার বিয়ানীবাজারের সামাজিক সংগঠন প্রেরণা যুবচক্র উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। দিনব্যাপী এ উৎসবে আবৃত্তি প্রতিযোগিতা, আবৃত্তি কর্মশালা ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
আয়োজক সংগঠনের সভাপতি ফয়জুল হক শিমাল জানন- বিয়ানীবাজারের পৌরশহরের তমছির আলী কমিউনিটি সেন্টারে উৎসবের শুরু হবে সকাল সাড়ে ১০টায়। সকালে আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট’র সভাপতি আমিরুল ইসলাম লিটন।
বেলা ২টায় দ্বিতীয় পর্বে প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকবেন আবৃত্তিকার শিমুল মুস্তাফা। বিকাল ৩টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দৈনিক কালের কন্ঠের চিফ রিপোর্টার ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আজিজুল পারভেজ এবং বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর। তৃতীয় পর্বে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে শিমুল মুস্তাফার একক আবৃত্তি।