Sylhet Today 24 PRINT

‘যুগোপযোগী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিক হতে হবে’

সিলেটে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৮

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, যুগোপযোগী মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক সমাজকে আন্তরিক হতে হবে। সন্তানদের প্রতি আন্তরিক মমত্ববোধ ও ভালবাসা জাগিয়ে তুলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এ নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। এ জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

রোববার (১৪ অক্টোবর) সকালে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়াম প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে আয়োজিত মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, যার কারণে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান আজ উর্ধ্বমুখী। আর এটা সম্ভব হয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই, যার গতিশীল নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এজন্য গোটা শিক্ষক সমাজকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কর্তব্যপরায়ণ ও ন্যায়নিষ্ঠ হতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন, সিলেট বিভাগীয় কমিশনার মো. মেছবাহ উদ্দিন চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সাবের হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবু শাফায়াৎ মোহাম্মদ শাহেদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়ের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা, হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সিলেট পিটিআই সুপার এ.কে ইব্রাহিম, হবিগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ, ছাতক উপজেলা শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর মোস্তফা হাসান হাবিব, সিলেট কিন্ডারগার্টেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজনীন হোসেন, অন্ততপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথ, নসিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমতোষ দত্ত প্রমুখ।

কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জৈন্তাপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান, গীতা পাঠ করেন সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাস চৌধুরী।

কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক সদস্যসহ সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.