গোয়াইনঘাট প্রতিনিধি | ১৫ অক্টোবর, ২০১৮
ফাইল ছবি
সিলেটের গোয়াইনঘাটে ৯টি ইউনিয়নের ৪০টি পূজামণ্ডপে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দ্যময় পরিবেশ ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিটি পূজামণ্ডপে একজন করে পুলিশ সদস্যের পাশাপাশি ৩-৪ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এ ছাড়া প্রতিটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নভিত্তিক বিট কর্মকর্তাকে সংশ্লিষ্ট ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শনপূর্বক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
৩৯টি সার্বজনীন ও একটি ব্যক্তিগতসহ এবারের দুর্গোৎসবে উপজেলার ৪০টি পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নে ৪টি, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে ৫টি, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে ৭টি, ৪নং লেঙ্গুড়া ইউনিয়নে ১টি, ৫নং আলীরগাও ইউনিয়নে ৩টি, ৬নং ফতেহপুর ইউনিয়নে ৫টি, ৭নং নন্দিরগাও ইউনিয়নে ৭টি, ৮নং তোয়াকুল ইউনিয়নের ৫টি এবং ডৌবাড়ী ইউনিয়নে ৪টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে চলছে পূজোর আনুষ্ঠানিকতা।
সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৫শত কেজি করে ২০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল, অফিসার (তদন্ত) হিল্লোল রায়, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রজিউল্লাহ মিয়া বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
এদিকে স্থানীয় সংসদ সদস্য, সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি ১৭ অক্টোবর সকাল ১০টা থেকে গোয়াইনঘাটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শুরু করে দুর্গোৎসবে সমবেত পূণ্যার্থীদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করবেন বলে জানা গেছে।