Sylhet Today 24 PRINT

সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পল্লী বিদ্যুতের মিটার রিডাররা

নিজস্ব প্রতিবেদক |  ১৫ অক্টোবর, ২০১৮

চার দফা দাবি আদায় ও চাকুরী নিয়মিত করণের লক্ষে কর্মবিরতি পালন, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরতরা।

সোমবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে এ সকল কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সিলেট জেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ৭টি জোনাল অফিস’র ১৩৭ জন মিটার রিডার কাম মেসেঞ্জার সদস্যরা অংশ নেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের ঘোষণা মোতাবেক ঘরে ঘরে মিটার লাগছে। কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদেরকে গণহারে চাকুরী থেকে ছাটাই করছে। অথচ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন এর ২০১২ সালের ৪৯৪ তম বোর্ড সভায় সিদ্ধান্ত মোতাবেক পল্লী বিদ্যুৎ সমিতিতে নয় বছর চাকুরী করার পর অভিজ্ঞতার আলোকে অন্য সমিতিতে আবেদনের মাধ্যমে ৫৫ বৎসর পর্যন্ত চাকুরী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে কিছু কর্মকর্তা ও জেনারেল ম্যানেজাররা নিয়োগ বাণিজ্য করার পায়তারা চালাচ্ছে। ফলে কাজের পরিধি দ্বিগুণ করে বাড়তি চাপ প্রয়োগ করে চাকুরী থেকে ছাটাই পায়তারা চলছে। পূর্বে একজন মিটার রিডার দুই হাজার মিটারের রিডিং ও মেসেঞ্জাররা দুই হাজার গ্রাহকের বিল বিতরণ করেছেন। কিন্তু বর্তমানে ঐ দুটি কাজ একজনকেই করতে হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে গ্রাহক ভোগান্তি। আর বর্তমান সরকারের উদ্যোগে জেলা ও উপজেলা শহরে ব্যাপক বিদ্যু উন্নয়ন হয়েছে। কিন্তু সে অনুপাতে তেমন মিটার রিডার কাম মেসেঞ্জার নেই। ফলে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই কাজের পরিধি কমানো, চাকুরী নিয়মিতকরণ ও চাকরীচ্যুতদের পুন:বহালের দাবি জানানো হচ্ছে।
 
মানববন্ধন পরবর্তীতে সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসঞ্জোর বিকাশ চন্দ্র দাস, কামাল হোসেন, আব্দুর রকিব, শহিদুল, আব্দুল রাজ্জাক, মিজানুল ইসলাম খান, আসাদ উদ্দিন, সাহেদ মিয়া, আব্দুল আজিজ, আব্দুল খালিক, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম রায়, মো. ইব্রাহিম, দেব প্রসাদ দে দীপক, কুতুব উদ্দিন, আব্দুল হামিদ, রকিবুল ইসলাম, মোবারক, নয়ন দেবনাথ, তোফাজ্জল হোসেন, নিবাস চন্দ্র দাস, সুনীল চন্দ্র সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অবিলম্বে যদি চাকুরী নিয়মিতকরণ, সকল সনদদারীকে পূর্বের নিয়মে পুনর্বহাল, কাজের পরিধি কমানো পরীক্ষা ও জেলা কোঠার বিধান বাতিল না করা হয় । তাহলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন ও আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবেন।  

এ ব্যাপারে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকোশলী মো. মাহবুবুল আলম জানান, মিটার রিডার কাম মেসেঞ্জারদের স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.