নিজস্ব প্রতিবেদক | ১৬ অক্টোবর, ২০১৮
ভারত সরকারের অর্থায়নে সিলেটের কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি।
মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর ধোপা দিঘীরপাড় সংস্কার কাজ, চারাদিঘীরপাড়ে নির্মিতব্য স্কুল, চালিবন্দর শশ্মানঘাট ও সুইপার কলোনি পরিদর্শন করেন। এর আগে সকালে মাছিমপুরে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য পরিদর্শন করেন তারা।
সকালে মাছিমপুরে সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য পরিদর্শনে গেলে সিসিক মেয়র ও সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি রবী ঠাকুরের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় স্থানীয় মনিপুরী সম্প্রদায় সিসিক মেয়র ও ভারতীয় সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি’র সম্মানে আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠানের।
মনিপুরী কমিউনিটি নেতা বিলাস সিংহের সভাপতিত্বে ও মনিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক সাংবাদিক সুনীল সিংহের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি ভারতীয় অর্থায়নে নির্মিতব্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় ভারত সরকারকে কৃতজ্ঞতা জানান।
সিসিক মেয়র বলেন, মনিপুরী পাড়ার রবীন্দ্র স্মৃতি স্তম্ব রক্ষণাবেক্ষণের জন্য একটি একাডেমিক কালরাচাল সেন্টার ও মন্দিরের আধুনিকায়নে একটি কমপ্লেক্স স্থাপন করা হবে। এছাড়া পুরো মাছিমপুর এলাকাকে পর্যটকদের আকৃষ্ট করে তুলতে আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত সিলেট। এ কারনে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে ভারত সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সিসিক মেয়র।
সম্মানিত অতিথির বক্তব্যে ভারতীয় সহকারি সহকারি হাইকমিশনার এল. কৃষ্ণমূর্তি বলেন, মনিপুরী সম্প্রদায়ের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবিড় সম্পর্ক ছিল। মনিপুরী সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বরীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা রেখেছিলেন। এসময় এল. কৃষ্ণমূর্তি মনিপুরী সমাজের কৃষ্টি কালচারে মুগ্ধতা প্রকাশ করেন। পরবর্তীতে আবারো মনিপুরী পাড়ায় আসার আশা প্রকাশ করেন তিনি।
পরে অতিথিরা রবীন্দ্রনাথ ঠাকুরকে মুগ্ধ করা মনিপুরী রাস নৃত্য উপভোগ করেন। অতিথিরা এসময় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকি, সাবেক কাউন্সিলর ফারুক আহমদ, সিসিকের নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশলী আলী আকবর, মনিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি স্বপন কুমার সিংহ, ধীরেন্দ্র সিংহ ধীরু, রবীন্দ্র সিংহ, নারী নেত্রী সুনীলা সিনহা, দেবাশীষ সিংহ প্রমুখ।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশন এর আওতাধীন ভারতীয় অর্থায়নে প্রায় ২২ কোটি টাকার ৩টি প্রকল্প কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ,পরিচ্ছন্নতাকর্মীদের আবাসস্থল নির্মাণ এবং ধোপা দিঘীরপাড় সংস্কার কাজ এগিয়ে চলছে।