Sylhet Today 24 PRINT

রাজন হত্যা : পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে : কমিশনার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০১৫

মঙ্গলবার রাজনের বাড়িতে সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান ও সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীন

দু'একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। এরকম সময়ে অনেকেই অনেক কথা বলে। তবে সবগুলোই আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। সকল অভিযোগ খতিয়ে দেখা হবে। বললেন সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান।

মঙ্গলবার সকালে নিহত শিশু সাইদুর রহমান রাজনের কান্দিগাওস্থ বাড়িতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পুলিশ কমিশনার।

এর আগে বর্বোরচিত নির্যাতনের মাধ্যমে সিলেটের কুমারগাওয়ে শিশু রাজনকে হত্যর পর ঘাতক রাজনের সৌদী পালিয়ে যাওয়ার জন্য পুলিশকে দায়ী করে রাজনের পিতা আজিজুর রহমান অভিযোগ করেন, '৬ লাখ টাকা নিয়ে পুলিশ কামরুলকে সৌদি আরব পালিয়ে যেতে সাহায্য করে। তাদের সাথে কন্টাক্ট ছিলো আরো ৬ লাখ দিলে রাজন হত্যা মামলায় গ্রেফতার হওয়া কামরুলের বড় ভাই মুহিত আলমকেও ছেড়ে দেবে পুলিশ। কিন্তু এরআগেই বিষয়টি সর্বত্র জানাজানি হয়ে যাওয়ায় তাকে আর ছাড়তে পারেনি।'

তিনি আরো অভিযোগ করেন, 'রাজনকে হত্যার পর বুধবার রাতে জালালাবাদ থানায় মামলা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ মামলা নেয়নি। আমাকে থানা থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেয় এসআই আমিরুল। পুলিশ হত্যাকান্ডটি ধামাচাপা দিতে চেয়েছিল।'

পুলিশের বিরুদ্ধে করা রাজনের বাবার এসব অভিযোগ নিয়ে মঙ্গলবার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

রাজনের বাবার এমন অভিযোগ প্রসঙ্গে আজ (মঙ্গলবার) সাংবাদিকরা পুলিশ কমিশনারের কাছে জানতে চাইলে, সকল অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.