Sylhet Today 24 PRINT

সিলেট-৪ আসনের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে: ইমরান আহমদ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০১৮

সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়নসহ বর্তমান সরকারের আমলে সিলেট-৪ আসনে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই অঞ্চলের জনসাধারণের উন্নয়নে পাশে আছেন। আর এ কারণেই এই এলাকার জনগণের যাতায়াত সুবিধার্থে ৭শত কোটি টাকা ব্যয়ে সিলেট-কোম্পানিগঞ্জ আধুনিক মহাসড়ক, হাইটেক পার্ক, জাফলং ব্রিজ, গোয়াইনঘাট-জৈন্তাপুরে দুটি কলেজ সরকারী করণ, চিকিৎসা, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামোগতসহ সর্বক্ষেত্রে উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। আবারো নির্বাচিত হলে কোম্পানিগঞ্জে স্কুল, কলেজ সরকারী করণসহ অবশিষ্ট উন্নয়ন প্রকল্প দ্রুত সমাধানের উদ্যোগ নিবো।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত কোম্পানিগঞ্জ উপজেলার দলইরগাওয়ে ইমরান আহমদ কারিগরি কলেজের উন্নয়ন কাজ পরিদর্শন, বর্নি বিলাজোড় ২ কিমি সড়কের, বর্নি হাইস্কুলের ৪তলা উর্ধ্বমুখি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পুর্নাছগামসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সমবেতদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে একথাগুলো বলেন তিনি।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়ার পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ আহমদ, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিলেটের জেলা পরিষদের মহিলা সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, শামিম আহমদ, ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিন, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.