Sylhet Today 24 PRINT

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে দূর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক |  ১৯ অক্টোবর, ২০১৮

প্রতিমা বিসর্জনের মাধ্যমে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। আজ পূজার শেষ দিন। বিজয়া দশমী। শুভ বিজয়া।

সব পূজামণ্ডপেই আজ বিষাদের ছায়া। হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঘরে ঘরে মন খারাপের দিন। ঢাক-কাঁসরের বাদ্য-বাজনা, রাত্রি উজ্জ্বল করা আরতি ও পূজারি-ভক্তদের পূজা-অর্চনায় কেবলই মা দুর্গার বিদায়ের আয়োজন।

বৃহস্পতিবার ছিল দুর্গোৎসবের মহানবমী তিথি; এদিন ষোড়শ উপচারে দেবীর বন্দনা ও মহাস্থান-যজ্ঞ, আর সন্ধ্যায় আরতি বন্দনায় ‘আনন্দময়ী’র অর্চনা করেন তারা। মণ্ডপে মণ্ডপে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা।

সিলেটে আজ বিকেল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন মা। অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দেন প্রতিমা। পাঁচ দিনের সার্বজনীন মিলনমেলা ভাঙবে আজ।

আজ সকালে মণ্ডপে মণ্ডপে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেওয়া হয়। বিকেলে থেকে রাত পর্যন্ত সিলেটের চাঁদনীঘাটে সুরমা নদীতে চলবে প্রতিমা বিসর্জন। বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।

সিলেট নগরী ও জেলায় এবছর ছয়শতাধিক মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.