কমলগঞ্জ প্রতিনিধি | ১৯ অক্টোবর, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মির্জানগরে যথাযথ মর্যাদায় বিপ্লবী কবি ডা. আবু কায়সার খানের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় বিপ্লবী কবি আবু কায়সার খান স্মৃতি পরিষদের উদ্যোগে প্রয়াতের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী কবি আবু কায়সার খান স্মৃতি পরিষদের সভাপতি কৃষক নেতা ডা. অবনী শর্ম্মার সভাপতিত্বে ও মৌলভীবাজার ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের নেতা অমলেশ শর্ম্মার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক।
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাম রাজনৈতিক নেতা আব্দুর রাজ্জাক, রমজান আলী, কবি নিখিল কান্তি গোস্বামী, মৃগেন চক্রবর্তী, হৃষীকেশ পাল।
প্রয়াত কবি আবু কায়সার খানের জীবন দর্শন নিয়ে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ধীরেন্দ্র মল্লিক, প্রয়াতের অনুজ আব্দুল মুগ্নি খান হেলাল, ছেলে সাকিদ খান ও শিশু শিল্পী অঙ্কন শর্ম্মা।
কবি ডা. আবু কায়সার খান সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা পুঁজি বিরোধী রাজনৈতিক নেতা হিসাবে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের অধিকার ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন।