Sylhet Today 24 PRINT

শ্রমিক সমাবেশের কারণে ছাড়েনি বাস, যাত্রীদের দিনভর ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক |  ২০ অক্টোবর, ২০১৮

শনিবার দুপুরে সিলেটে বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক সমিতি। এই সমাবেশের কারণে বিকেল পর্যন্ত সিলেট থেকে ছেড়ে যায়নি কোনো বাস। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সমাবেশ শেষে বিকেলে বাস চলাচল স্বাভাবিক হলে যাত্রী দূর্ভোগ লাঘব হয়।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর কিছু ধারাকে শ্রমিক স্বার্থ পরিপন্থী দাবি করে সেগুলো সংশোধনসহ ৮দফা দাবিতে পূর্বনির্ধারিত এই সমাবেশ করে পরিবহন শ্রমিকরা। দুপুর ১২টায় কদমতলীস্থ সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ চলে বেড়া সাড়ে ৩টা পর্যন্ত। সমাবেশের কারণে সকাল থেকেই সিলেট থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ রেখে শ্রমিকরা যোগ দেন সমাবেশে।

দুপুর পর্যন্ত সিলেট থেকে বাস ছেড়ে যাবে না, এমনটি আগে জানালেও আজ অনেক যাত্রী সিলেটের দুটি বাস টার্মিনালে যান। বাস না পাওয়ায় তাদের দূর্ভোগ পোহাতে হয়। বাস না থাকায় জরুরী প্রয়োজনেও অনেকে গন্তব্যে পৌছতে পারেননি।

শনিবার দুপুরে কদমতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অনেক যাত্রী বাস ছাড়ার অপেক্ষায় রয়েছেন। কেউ বসে আছেন বাস কাউন্টারের সামনে, কেউ বসে আছেন রাস্তার ধারে ফুটপাতে। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও আছেন অপেক্ষায়।

এদিকে এই সনমাবেশ থেকে দাবি আদায়ে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন শ্রমিক নেতারা। নির্ধারিত সময়ের মধ্য দাবি না মানলে সারাদেশে দুইদিনের ধর্মঘটেরও হমকি দিয়েছেন তারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সড়ক পরিবহন আইন ২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবি মেনে নিতে সরকারকে ২৭ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন। এই সময়ের মধ্য দাবি না মানলে আগামী ২৮ ও ২৯ অক্টোবর ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের হুমকী দেন তিনি।

বিভাগীয় শ্রমিক সমাবেশে এ সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক।

যাত্রী দূর্ভোগ প্রসঙ্গে ফলিক বলেন, সমাবেশের কারণে দুপুর পর্যন্ত সিলেট থেকে বাস ছেড়ে যাবে না আগেই এই ঘোষণা দেওয়া হয়েছিলো। নায্য দাবি আদায়ের সমাবেশে সকল শ্রমিকরা যোগ দেওয়া বাস ছেড়ে যায়নি। সমাবেশের পরপরই বাস চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.