নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই, ২০১৫
রাজন হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশের উপ পরিদর্শক আমিনুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ রাতে সিলেট মহানগর পুলিশ কমিশনার আমিনুলকে জালালাবাদ থানা থেকে প্রত্যাহারের নির্দেশনা জারি করেন।
রাজনের বাবা ও স্বজনদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমিনুলকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরআগে এসব অভিযোগ তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, আমিনুলকে প্রত্যাহার করে উপ পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
রাজনের বাবা অভিযোগ করেন, রাজন হত্যার পর তিনি মামলা করতে জালালাবাদ থানায় গেলে পুলিশ তার সাথে খারাপ ব্যবহার করে ও মামলা নিয়ে গড়িমসি করে। এছাড়া ঘাতক কামরুলকে অর্থের বিনিময়ে সৌদি পালিয়ে যেতে পুলিশ সহায়তা করে বলেও অভিযোগ করেন তিনি।
এসব অভিযোগ নিয়ে সিলেটটুডে-তে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আজিজুর রহমানের অভিযোগ, তারা থানায় মামলা করতে গেলে নগরীর জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলাম তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করেন।
এছাড়া এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে ৬ লাখ টাকার বিনিময়ে সামিউলের ঘাতক কামরুল ইসলামকে সৌদি আরব পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগও করেছেন সামিউলের বাবা আজিজুর রহমান।