Sylhet Today 24 PRINT

অবেশেষে সিলেটে সমাবেশের অনুমতি পেলো জাতীয় ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৮

অবেশেষে ২৪ অক্টোবর সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে রোববার বিকেলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি জানান, রোববার বিকেলে মহানগর পুলিশ কার্যালয়ে যোগাযোগ করলে এক পুলিশ কর্মকর্তা তাকে অনুমতির বিষয়টা নিশ্চিত করেন।

মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়াও সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে সমাবেশের অনুমতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে জাতীয় ঐক্যজোটের সমাবেশের অনুমতি চেয়ে আবেদন দুই দফা ফিরিয়ে দেয় পুলিশ। প্রথমে ২৩ অক্টোবর সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশ করার অনুমতি চায় ঐক্যজোট। ওইদিন অনুমতি না পেয়ে পরদিন একইস্থানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়। সে আবেদনও ঝুলিয়ে রাখে পুলিশ।

এ অবস্থায় রোববার দুপুরে হাইকোর্টে রিট করেন বিএনপি নেতা আলী আহমদ। সোমবার এই রিটের শুনানির তারিখ ধার্য করেছিলো আদালত। তবে তার আগেই পুলিশ সমাবেশের অনুমতি প্রদানের কথা জানায়।

যদিও রোববার সকালেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিলো। অনুমতি পেয়েও এ নিয়ে তারা নাটক  করেছে।

ড. কামাল হোসেনের নেতৃত্বাধিন সরকারবিরোধী এই জোট ২৪ অক্টোবরের সিলেট সফরের মধ্য দিয়েই তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.