Sylhet Today 24 PRINT

সোমবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করবে জেলা পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৮

“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে সরকারী সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ অক্টোবর সোমবার সিলেটে জেলা পুলিশের উদ্যোগে পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

রোববার (২১ অক্টোবর) সিলেট জেলা পুলিশের জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মাহ্বুবুল আলমের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের অংশ হিসেবে সিলেট জেলা পুলিশ বিভিন্ন থানা এলাকায় বর্ণাঢ্য র‌্যালী ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করেছে। এ লক্ষ্যে র‌্যালীতে রোভার স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপদ সড়ক ব্যবস্থাপনার জন্য চালকদের প্রশিক্ষণের পাশাপাশি রাস্তায় চলাচলকারী যাত্রী, পথচারী ও সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার লক্ষে সিলেটের ওসমানীনগর, গোলাপগঞ্জ মডেল, ফেঞ্চুগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর মডেল থানা এলাকায় সিলেট জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় র‌্যালী ও সাড়ে ১১টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান উক্ত র‌্যালী ও আলোচনা সভায় সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণ করে নিরাপদ সড়ক বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.