কমলগঞ্জ প্রতিনিধি | ২১ অক্টোবর, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝের গাঁ কৈশাম মণ্ডপ প্রাঙ্গণে কমিউনিটি বেইজড ট্যুরিজমের প্রশিক্ষণ গ্রহণকারী ১২টি পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) বিকেলে সদন প্রদানের মাধ্যমে এ প্রশিক্ষণের মাধ্যমে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষিত ১২টি পরিবারের মধ্যে সনদ প্রদান করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এনডিসি মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ও মৌলভীবাজার জেলার ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দীন।
এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, মনিপুরী কমিউনিটির গবেষক, প্রভাষক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইয়াছনীন আরা।
উল্লেখ্য, বাংলাদেশে কমিউনিটি বেইজড ট্যুরিজম বা সিবিটি উন্নয়নের লক্ষ্যে আজিয়ার ফেয়ার ট্রেড লিমিটেড ২০০২ সাল থেকে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় কমলগঞ্জের 'ভানুবিল মাঝের গাঁ কমিউনিটি বেইজড ট্যুরিজম' নামে একটি ট্যুরিজম এলাকা গড়ে তুলে। এর আওতায় ১২টি মনিপুরী পরিবারকে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্মকাণ্ডের বিষয়ে এলাকাবাসীকে উৎসাহ দিতে শনিবার আনুষ্ঠানিকভাবে সমাপনী অনুষ্ঠান করেই সনদ প্রদান করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, এ অঞ্চলে এ কার্যক্রম সম্পূর্ণ নতুন হলেও মনিপুরী সম্প্রদায়ের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এতে করে দেশী-বিদেশী পর্যটকরা পর্যটনের সাথে সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মনিপুরী পরিবার ও সমাজব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।