Sylhet Today 24 PRINT

আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাবেন মিটার রিডাররা

নিজস্ব প্রতিবেদক |  ২২ অক্টোবর, ২০১৮

কর্তৃপক্ষের সাথে আলোচনা ফলপ্রসূ হয়নি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ ২ এর মিটার রিডার এবং মেসেঞ্জার পদে কর্মরতদের। তাই অনির্দিষ্ট কালের কর্মবিরতি কর্মসূচী চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (২২ অক্টোবর) দুপুরে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাথে আন্দোলনকারীদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে বিষয়টি সমাধান নিয়ে আলোচনা হলেও কর্তৃপক্ষের কথায় আশ্বস্ত হতে পারেন নি আন্দোলনকারীরা। এতেকরে আরো বৃহৎ পরিসরে চলমান ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মিটার রিডার এবং মেসেঞ্জার পদে কর্মরতরা। বিষয়টি সিলেটটুডে টুয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন মিটার রিডার এবং মেসেঞ্জার পদে কর্মরত কামাল ও রাজ্জাক।

তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। দাবি আদায় না হলে দেশব্যাপী আরো বৃহৎ কর্মসূচীর ডাক দেয়া হবে। প্রয়োজনে আমরণ অনির্দিষ্ট কালের কর্মবিরতি চালিয়ে যাবো। 

চাকুরী নিয়মিত করণসহ চার দফা দাবিতে গতকাল রোববার (২১ অক্টোবর) থেকে সিলেটে অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু হয়। এর আগে গত ১৫ অক্টোবর থেকে নিয়মিত কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।  

টানা কর্মসূচিতে সিলেট জেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সকল জোনাল অফিসের মিটার রিডার ও মেসেঞ্জার সদস্যরা অংশ নেন। এর ফলে বিল প্রাপ্তি নিয়ে গ্রাহকদের ভোগান্তিতে পড়ারও আশংকা দেখা দিয়েছে।

আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান, সরকার বিরোধী বিএনপি-জামাতপন্থী কিছু কর্মকর্তা নিয়োগ বাণিজ্য করার পায়তারা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় কাজের পরিধি দ্বিগুণ করে বাড়তি চাপ প্রয়োগ করে চাকুরী থেকে ছাটাইয়ের পরিকল্পনা চালাচ্ছেন। পূর্বে একজন মিটার রিডার দুই হাজার মিটারের রিডিং ও মেসেঞ্জাররা দুই হাজার গ্রাহকের বিল বিতরণ করতেন। বর্তমানে দুটি কাজ একজনকেই করতে হচ্ছে। চাকুরী নিয়মিতকরণ, সকল সনদধারীকে পূর্বের নিয়মে পুনর্বহাল, কাজের পরিধি কমানো সহ পরীক্ষা ও জেলা কোঠার বিধান বাতিলের দাবিতে এই আন্দোলন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.