শ্রীমঙ্গল প্রতিনিধি | ২২ অক্টোবর, ২০১৮
'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো' এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে পৃথক পৃথক স্থানে র্যালি, মানববন্ধন, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নিরাপদ সড়কের দাবিতে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শহরের চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
পরে বিদ্যালয়ের উদ্যোগে সড়কে চলাচলের বিভিন্ন সতর্কীকরণ লিফলেট চালক ও সাধারণ মানুষের কাছে বিতরণ করেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।
এদিকে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে নিসচা সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় প্রমুখ।
এ সময় গাড়িচালক ও জনসাধারণের নিকট নিরাপদ সড়ক চাই এর লিফলেট বিতরণ করা হয়।