Sylhet Today 24 PRINT

ঐক্যফ্রন্টের সমাবেশে ব্যক্তির নামে পোস্টার-ব্যানার না সাঁটানোর অনুরোধ

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৮

২৪ অক্টোবর বুধবার বেলা ২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে অনুষ্ঠিতব্য জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের আশেপাশে কোনো ব্যক্তির নামে পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন না করা ও না সাটাতে এবং তোরণ নির্মাণ না করার অনুরোধ জানিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ।

সোমবার (২২ অক্টোবর) সমাবেশ সফলের আহবান জানিয়ে জেলা ও মহানগর বিএনপির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

সমাবেশ সফলে জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখা এবং মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড শাখার নেতৃবৃন্দকে নিজ নিজ শাখার ব্যানারসহ মিছিল সহকারে সমাবেশস্থলে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন নেতবৃন্দ।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়- ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগরের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বিএনপির নেতাকর্মী ও সিলেটবাসীকে সমাবেশটি সফলের আহবান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.