Sylhet Today 24 PRINT

ঐক্যফ্রন্টের সমাবেশকে ঘিরে সিলেটে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০১৮

সিলেট রেজিস্টারী মাঠে ২৪ অক্টোবর বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে ঘিরে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে নগরীর বন্দর বাজার এলাকায় ঐক্যফ্রন্টের সমাবেশের লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা।

সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটে আজ দিনব্যাপী লিফলেট বিতরণ ও মাইকিং করা হবে বলে সিলেট বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদির, এম এ হক, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের সাধারণ শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, আবুল কাশেম প্রমুখ।

বিএনপি জানায়, আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। ২৪ অক্টোবর সমাবেশ সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বিএনপি। দল-মতের ঊর্ধ্বে উঠে রেজিস্টারি মাঠে বুধবারের সমাবেশকে সফল করতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.