Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে রাতভর তল্লাশির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০১৮

সিলেট রেজিস্টারী মাঠে ২৪ অক্টোবর (বুধবার) অনুষ্ঠিতব্য জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে ঘিরে সিলেটের বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান করেছে বলে অভিযোগ করেছেন সিলেট ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেটটুডে টুয়েন্টিফোরকে এই অভিযোগ করেন তিনি। এসময় তিনি বলেন, সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের জন্য গতকাল রাতভর পুলিশ বাসাবাড়িতে তল্লাশী চালিয়েছে। এসময় বিভিন্নস্থানে পুলিশ মাইকিংয়ে বাধা প্রদান করেছে বলেও অভিযোগ করেন তিনি। 

তবে এই অভিযোগ মানতে রাজি নয় সিলেট মেট্রোপলিটন পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. সোহেল রেজা জানান, সমাবেশকে ঘিরে ভয়ভীতি প্রদর্শনের জন্য পুলিশ কারো বাসায় তল্লাশি চালায়নি। নিয়মিত মামলার আসামী ধরতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মাইকিংয়ে বাধা দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, সিলেটের সমাবেশকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.