Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৮ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ কিশোর

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের ৮ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি এক কিশোর। এ নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের দরিদ্র অদৈত্য মালাকারের ছেলে আকাশ মালাকার (১৪) ১৫ অক্টোবর শারদীয় দুর্গাপূজা দেখতে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি।

পরিবারের সদস্যরা সকল আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। হারিয়ে যাবার সময় ছেলেটির পড়নে ছিল কালো রংয়ের গেঞ্জি ও আকাশি রংয়ের প্যান্ট।

স্থানীয় সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল।

মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে আলাপকালে হারিয়ে যাওয়া ছেলের পিতা অদৈত্য মালাকার জানান, আমার তিন ছেলের মধ্যে আকাশ সবার বড়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। পূজা দেখতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

এ ঘটনায় নিখোঁজ ছেলের পিতা অদৈত্য মালাকার বাদী হয়ে ২০ অক্টোবর কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনার কিশোর নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.