Sylhet Today 24 PRINT

বড়লেখায় চোলাই মদসহ গ্রেপ্তার ৩

বড়লেখা প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পৃথক অভিযানে দেশীয় চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে পৌর শহরের বেসরকারি সিটি স্কুল ও পানিদার এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- শহরের দক্ষিণ পাখিয়ালা গ্রামের মতছিন আলীর ছেলে মনসুর আলী (৪০) ও একই গ্রামের মৃত মনোহর আলীর ছেলে তাজ উদ্দিন (৪২) এবং সদর ইউনিয়নের হিনাইনগর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে নুনু মিয়া (৪৮)। তাঁদের কাছ থেকে ১৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার (২২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা পৌর শহরের বেসরকারি সিটি স্কুল ও পানিদার এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় বেসরকারি সিটি স্কুলের সামনে থেকে মনসুর আলী ও তাজ উদ্দিনকে ১০ লিটার মদসহ আটক করা হয়। একই সময় পানিদার এলাকা থেকে নুনু মিয়াকে ৮ লিটার মদসহ আটক করা হয়। পৃথক এ অভিযানে অংশ নেন থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার ও ইয়াকুব হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম, কামাল হোসেন, পিযুষ দাস ও রাশেদুল হক রাশেদ।

এই ঘটনায় উপপরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার ও ইয়াকুব হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মতছিন আলী, তাজ উদ্দিন ও নুনু মিয়ার বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। মামলা নম্বর-১৩ ও ১৪, তারিখ-২৩/১০/২০১৮ইং।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.