সিলেটটুডে ডেস্ক | ২৩ অক্টোবর, ২০১৮
বুধবার বেলা ২টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের অনুষ্ঠিতব্য সমাবেশ সফলের আহ্বান জানিয়েছে জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশের প্রায় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে বক্তব্য রাখছেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগরের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বিএনপির নেতাকর্মী ও সিলেটবাসীকে সমাবেশ সফলের আহবান জানিয়েছেন।
সমাবেশে জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখা এবং মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড শাখার নেতৃবৃন্দকে নিজ নিজ শাখার ব্যানারসহ মিছিল সহকারে সমাবেশস্থলে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন নেতবৃন্দ।
এছাড়া সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলের আশপাশে কোনো ব্যক্তির নামে পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন না করা ও না সাঁটাতে এবং তোরণ নির্মাণ না করাও অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।