Sylhet Today 24 PRINT

নবনিযুক্ত কাস্টমস কমিশনারের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৮

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেটের নবনিযুক্ত কমিশনার গোলাম মো. মুনিরের সাথে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় চেম্বার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সভায় নবনিযুক্ত কাস্টমস কমিশনার বলেন, সরকারের ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য রাজস্ব প্রদানে সিলেটের ব্যবসায়ীরা যথেষ্ট সচেতন। এক্ষেত্রে সিলেট চেম্বার অব কমার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের সাথে রাজস্ব আদায়কারী বিভাগসমূহের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিত, অন্যথায় রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটে। সিলেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে সিলেট চেম্বার অব কমার্স ও ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় কাস্টমস কমিশনার আরো বলেন, ভ্যাটের পরিধি বৃদ্ধি ও এ বিষয়ে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা আয়োজনের কোন বিকল্প নেই বিধায় এ ব্যাপারে আগামীতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে। আমদানি-রপ্তানিকারকদের সুবিধার্থে এলসি স্টেশনগুলোতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে বলে জানান তিনি। এছাড়াও দায়িত্ব পালনকালে ব্যবসায়ীরা রাজস্ব প্রদানে যাতে কোন ধরণের হয়রানির শিকার না হন সে বিষয়ে লক্ষ্য রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য নবনিযুক্ত কাস্টমস কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেট চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সরকারের ভ্যাট, ট্যাক্স প্রদানে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে থাকে। সিলেট চেম্বারের এসব কার্যক্রমের জন্য ইতোপূর্বে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে একাধিকবার সিলেট চেম্বারকে সম্মাননা প্রদান করা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি না করে ভ্যাটের পরিধি বৃদ্ধি করার আহবান জানান তিনি। ব্যবসায়ীদের সাথে কোন ধরণের ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে তা চেম্বারের মাধ্যমে নিরসনের অনুরোধ জানান চেম্বার সভাপতি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান, যুগ্ম কমিশনার মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, সহকারী কমিশনার (সদর-১) মো. আহসান উল্লাহ্‌, সহকারী কমিশনার (কাস্টমস) আহমেদুর রেজা চৌধুরী, সহকারী কমিশনার (এয়ারপোর্ট) নাজমুল হাফিজ আহমেদ, সহকারী কমিশনার (আবগারি ও ভ্যাট) মো. জাকারিয়া, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক পিন্টু চক্রবর্তী, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমেদ, মো. আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু, সিলেট জেলা সিএন্ডএফ গ্রুপের সভাপতি শাহ্ আলম, সাধারণ সম্পাদক মো. বশিরুল হক, ভোগ্য পণ্য পরিবেশক গ্রুপের সভাপতি মো. বদরুল আলম, সাধারণ সম্পাদক মো. আামিনুজ্জামান জোয়াহির, হোটেল এন্ড গেস্ট হাউস ওউনার্স গ্রুপের সাধারণ সম্পাদক নওশাদ আল মুক্তাদির, সিলেট ক্যাটারার্স গ্রুপের সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি তারেক আহমদ, সেক্রেটারি আলীমুল এহছান চৌধুরী, কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক আবু মুত্তাকিম, সিলেট চেম্বারের সদস্য শফিকুল ইসলাম, মো. হাফিজুর রহমান, মো. মোতাহির আলী প্রমুখ।           

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.