Sylhet Today 24 PRINT

শাহরিয়ার-কয়েস লোদীসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০১৮

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সুবাহনীঘাটস্থ বাসা থেকে শাহরিয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত পৌঁনে ৯টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি আরো জানান, ‘আবুল কাহের শামীমের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সাথে আমরা ছিলাম। পুলিশ বাসা ঘিরে রেখে আমাদেরকে অবরুদ্ধ করে রাখে।’

শাহরিয়ার এবং কয়েস লোদী ছাড়াও আরো ৪ নেতাকর্মীকে নগরীর উপশহর এলাকা থেকে আটক করা হয়েছে বলেও দাবি করেন আলী আহমদ।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের জন্য আমরা বৈঠক করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের হয়রানি করছে।’

তিনি আরো বলেন, ‘সমাবেশের প্রচারে পুলিশ বাধা দিচ্ছে। আমাদের মাইক নিয়ে গেছে তারা। আমরা পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি পরবর্তীতে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.