Sylhet Today 24 PRINT

সমাবেশের আগে বিএনপিতে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০১৮

আজ সিলেটে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে সরকারবিরোধী নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। এই সমাবেশকে সফল করতে গত কয়েকদিন ধরেই নগরীতে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে ঐক্যফ্রন্টের প্রধানশরীক বিএনপি। তবে সমাবেশের ঠিক পূর্ব মূর্হূতে বিএনপি নেতাদের মধ্যে দেখা দিয়েছে গ্রেপ্তার আতঙ্ক।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় অভিযান চালিয়ে বিএনপির ৬ নেতাকর্মীদের আটকের পর এই আতঙ্ক আরো বাড়িয়ে তুলেছে। মঙ্গলবার রাতভর বিএনপি নেতাদের বাড়িতে পুলিশী অভিযান চলার আশঙ্কা তাদের।

মঙ্গলবার দুপুরেই সিলেটে ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ অভিযোগ করেছিলেন, সমাবেশকে ঘিরে সিলেটের বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে পুলিশ ব্যাপক তল্লাশি চালাচ্ছে। সোমবার রাতে অনেক নেতার বাড়ি বাড়ি গিয়ে হয়রানি চালায় পুলিশ। এতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে ভূগছেন নেতাকর্মীরা। বিভিন্নস্থানে মাইকিংয়েও পুলিশ বাধা প্রদান করেছে বলেও অভিযোগ করেন তিনি।

দুপুরে এমন অভিযোগের পর সন্ধ্যায় আবুল কাহের শামীমের নগরীর যতরপুরস্থ বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ঐক্যফ্রন্টের একাধিক শীর্ষ নেতা স্থানীয় নেতাদের সাথে বৈঠক করছিলেন। এই বৈঠক থেকে মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহারিয়ার হোসেন চৌধুরীসহ বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এতে দলের নেতাকর্মীদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক নেতাই গ্রেপ্তার এড়াতে সোমবার রাত থেকে নিজ বাসায় থাকছেন না বলে জানা গেছে।

তবে সরকারের নানা বাধা বিপত্তি সত্ত্বেও আজকের রেজিস্টারি মাঠের সমাবেশ সফল করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা। জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, সকল বাধা উপেক্ষা করে আজ রেজিস্টারি মাঠ জনসমুদ্রে পরিণত হবে।

আর বিএনপি নেতাদের হয়রানির অভিযোগ অস্বীকার করে  সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. সোহেল রেজা জানান, সমাবেশকে ঘিরে ভয়ভীতি প্রদর্শনের জন্য পুলিশ কারো বাসায় তল্লাশি চালায়নি। নিয়মিত মামলার আসামী ধরতেই  অভিযান পরিচালনা করা হয়েছে।

মাইকিংয়ে বাধা দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, সিলেটের সমাবেশকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশ করলে পুলিশ কোনো বাধা প্রদান করবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.