Sylhet Today 24 PRINT

সুলতান মনসুরের গা থেকে মুজিব কোট খুলে নিলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদের গা থেকে মুজিব কোট খুলে নেওয়ার অভিযোগ ওঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নগরীর উপশহরে হোটেল রোজভিউয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় সুলতান মনসুরকে লাঞ্ছিত করেন সাবেক ছাত্রলীগ নেতা আলী হোসেন।

জেলা ছাত্রলীগ সহ-সভাপতি থাকা অবস্থায় বহিস্কৃত হন আলী হোসেন। এককালের আওয়ামী লীগ নেতা সুলতান মুহাম্মদ মনসুরের গা থেকে মুজিব কোট খুলে নেওয়ার কথা স্বীকার করে আলী হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুলতান মনসুর এককালে আওয়ামী লীগের নেতা ছিলেন। এখন তিনি মোস্তাকদের দলে ভিড়েছেন। কোনো বেঈমানের গায়ে মুজিব কোট থাকতে পারে না। তাই আমি তাঁর গা থেকে মুজিব কোট খুলে নিয়েছি।

তিনি বলেন, শেখ মুজিব আমার পিতা। কারো প্ররোচনায় নয়, বরং আমি আমার আদর্শিক অবস্থান থেকে এই কাজ করেছি। এর সাথে আর কারো সম্পৃক্ততা নেই। বুধবার ঐক্যফ্রন্টের সমাবেশে সুলতান মনসুর মুজিব কোট পড়ে অংশ নিলে তিনি আবারও তা খুলে নেবেন বলে জানান আলী হোসেন।

এককালের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মুহাম্মদ মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের সিলেটের সমাবেশের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এই সমাবেশে অংশ নিতে ড. কামাল হোসেনের সাথে মঙ্গলবার বিকেলেই তিনি সিলেট আসেন।

এরপর রাতে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- মাজার জিয়ারত শেষে ফেরার সময় রাত সাড়ে ১০টার দিকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতান মনসুর এবং মো. শাহজাহান হোটেল রোজভিউর সামনে এসে পৌঁছালে সেখানে সুলতান মনসুরকে লাঞ্ছিত করেন সাবেক ছাত্রলীগ নেতা আলী হোসেন। এসময় তিনি সুলতান মনসুরের গায়ে পরিহিত মুজিব কোট খুলে নেন। পরে ঘটনাস্থলের পাশে থাকা পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সুলতান মনসুর ও শাহজাহানকে সরিয়ে নিয়ে যান এবং পরিস্থিতি শান্ত করেন।

এব্যাপারে সুলতান মুহাম্মদ মনসুর আহমদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, রাতে রোজভিউ হোটেলের সামনে সামান্য ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে থাকায় বড়ধরণের কিছু ঘটেনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.