Sylhet Today 24 PRINT

ভোরেই মাজার জিয়ারতে ফখরুল-মওদুদ-মান্নারা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে সিলেটে পৌঁছে ভোর বেলাতেই হযরত শাহ জালাল (রহ.) ও শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বুধবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় হযরত শাহ জালালের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা। সেখান থেকে তারা হযরত শাহ পরান (রহ.) এর মাজারে যান।

জিয়ারতের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, এম এ হক,  খন্দকার আবদুল মোকতাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাদেক বখত, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

দুই মাজার জিয়ারতের সময় দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। এর আগে নেতারা ভোর ৫টার ফ্লাইটে রওনা করে ৬টায় সিলেট বিমানবন্দর নামেন। সেখান থেকে সরাসরি মাজারে যান। দুই আওলিয়ার মাজার জিয়ারত শেষে নেতারা বর্তমানে হোটেলে বিশ্রাম নিচ্ছেন। দুপুরে তারা সমাবেশে যোগ দেবেন বলে কথা রয়েছে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.