নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর, ২০১৮
টানা দুই মেয়াদে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি জনগনের কাছে পৌছে দিতে নগরীতে প্রচারপত্র বিলি করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কোর্ট পয়েন্ট এলাকায় প্রচারপত্র বিলি করেন আওয়ামী লীগ নেতারা।
সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশের দিন আওয়ামী লীগের এই কর্মসূচী ঘোষণা করার উত্তেজনা দেখা দিয়েছিলো। সংঘাতের আশঙ্কাও করেছিলেন অনেকে। তবে কোনোপ্রকার ঘটনা ছাড়াই শেষ আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচী। দুপুর ১টার দিকে কর্মসূচী সমাপ্ত করে ফিরে যান আওয়ামী লীগ নেতারা।
এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। কোনপ্রকার সংঘাত সহিংসতায় বিশ্বাস করে না। আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচী পালন করবো। ঐক্যফ্রন্টের নেতারাও তাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে করবেন। তবে তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন তবে আওয়ামী লীগ প্রতিহত করবে।
লিফলেটে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করা হয়। এসময় উন্নয়নের বর্ণণা দিয়ে আবার নৌকা মার্কায় ভোট চাওয়া হয়।
লিফলেটবিতরণকালে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থসহ সিলেট আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়নসহ বিভিন্ন নেতাকর্মীরা।