Sylhet Today 24 PRINT

লোকে-লোকারণ্য ঐক্যফ্রন্টের সমাবেশস্থল

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০১৮

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বিপুল সংখ্যক মানুষের জনসমাগম ঘটেছে। রেজিস্ট্রি মাঠের সীমানা পেরিয়ে এ জনস্রোত রাস্তায় গিয়ে ঠেকেছে।

বুধবার (২৪ অক্টোবর) বেলা ২টায় জাতীয় ঐক্যফ্রন্টের এ সমাবেশ শুরু হয়।

সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল সহকারে জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

বেলা ১২টার পর থেকে বিচ্ছিন্নভাবে মানুষের গন্তব্য সমাবেশের দিকে দেখা গেছে। সেখানে পুলিশ ও র‌্যাবের পাহারা রয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বিমানযোগে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছেন। এ সময় সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ ঐক্যফ্রন্টের আরও কয়েকজন নেতা তাঁর সাথে সিলেট আসেন।

এছাড়া মির্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা আজ (বুধবার) ভোরে বিমানযোগে ঢাকা থেকে সিলেট এসে শাহজালাল ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। পরে তারা হোটেলে বিশ্রাম নিয়ে দুপুরে সমাবেশস্থলে যোগ দেন।

প্রসঙ্গত, বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে রেজিস্ট্রি মাঠে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ পরিচালনায় সমাবেশটি শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.