নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর, ২০১৮
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ ওয়াকওভার পেয়ে গিয়েছিলো। এবারও যদি তারা ভাবে ওয়াকওভার পেয়ে যাবে, তবে ভুল ভেবেছে। এবার কাউকে ওয়াকওভার দেওয়া হবে না।
বুধবার বিকেলে সিলেটের রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মান্না বলেন, গতবার ভোটের সময় আপনারা বাসায় ছিলেন। এবার রাস্তায় থাকতে হবে। ২০১৪ সালের মতো নির্বাচন এবার করতে দেওয়া হবে না।
তিনি বলেন, সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। কেবল স্বাধীনতা বিরোধীরা ছাড়া। শেখ হাসিনা এখন একা হয়ে পড়েছেন।
এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।