Sylhet Today 24 PRINT

রাজন হত্যা স্থানে ‘শিশু নির্যাতন প্রতিরোধ স্তম্ভ’ নির্মাণের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৫

শিশু রাজন হত্যা স্থানে 'শিশু নির্যাতন প্রতিরোধ স্তম্ভ' নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সহিদুজ্জামান পাপলু ও সাধারণ সম্পাদক সপ্তর্ষি দাস এক বিবৃতিতে বলেন, বর্বরভাবে শিশু রাজন হত্যা এবং সেই নৃশংসতা ভিডিও করে ইণ্টারনেটে ছড়িয়ে দেয়ার মাধ্যমে আমাদের হাজার বছরের মানবিক সমাজ ও মানুষের মানবিকতা আজ প্রশ্নবিদ্ধ।

বিবৃতিতে তারা আরও বলেন- রাজন হত্যার স্থানে 'শিশু নির্যাতন বিরোধী স্তম্ভ'- শিশু নির্যাতন,হত্যা,নৃশংসতা-বর্বতার বিরুদ্ধে আগামীর আন্দোলন-সংগ্রামের প্রতিবাদী প্রতীক হিসেবে প্রতিয়মান হতে পারে। নির্মমভাবে শিশু রাজন হত্যার পরই সিলেট জেলা ছাত্র ইউনিয়ন তৎক্ষণাৎ এই নৃশংস হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছিল।

ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করে বলেন, জনতার সাহায্য রাজন হত্যায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মূল আসামী কামরুল যে কিনা পুলিশের সাহায্য সৌদি আরব পালিয়ে গিয়েছিল। তাকে স্থানীয় বাঙালি জনতা ধরেছে।

তারা অবিলম্বে কামরুলকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানানোর পাশাপাশি রাজন হত্যার পর পুলিশ প্রশাসনের গাফিলতি এবং অর্থ নিয়ে আসামীকে পালিয়ে যাওয়ার সুযোগসহ রাজনের বাবা আজিজুর রহমানকে গলাধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেয়ার নিরপেক্ষা তদন্ত ও জড়িত পুলিশদের শুধু প্রত্যাহার নয় শাস্তির আওতায় নিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, গত বুধবার (৮ জুলাই) সিলেটের সদর থানা কুমারগাঁও বাসস্ট্যাণ্ডে বর্বরোচিতভাবে হত্যা করা হয় শিশু সামিউল আলম রাজনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.