নিজস্ব প্রতিবেদক | ২৫ অক্টোবর, ২০১৮
জাতীয় ঐক্যফ্রন্টকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ নিবেদনের প্রস্তাব দিয়েছেন এই ফ্রন্টের অন্যতম নেতা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার বিকেলে সিলেট রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ প্রস্তাব উত্তাপন করেন।
তিনি বলেন, আগামী ৪ নভেম্বর ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানানোর জন্য আমি ঐক্যফ্রন্ট নেতাদের প্রতি প্রস্তাব রাখছি। একইসঙ্গে তিনি ’৭৫-৪ নভেম্বর জেলাখানায় খুন হওয়া জাতীয় ৪নেতা ও জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনেরও প্রস্তাব দেন তিনি।
তিনি বলেন, আমরা ১৫ আগস্ট চাই না, ২১ আগস্টের পুনরাবৃত্তি চাই না। আমরা জিয়াউর রহমানের মর্মান্তিক ঘটনারও পুনরাবৃত্তি চাই না। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী ৪ নভেম্বর বনানী কবরস্থানে গিয়ে জাতীয় চার নেতার কবর জিয়ারত করে সংসদ ভবন এলাকায় জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে চাই। সেখান থেকে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে চাই। এটা আমার প্রস্তাব।
উন্নয়নের জোয়ারে সরকার টালমাটাল, উন্নয়নের জোয়ারে সরকারের চোখে ছানি পড়ে গেছে বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী।
তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় যেতে পারলে তিন মাসের মধ্যে ওষুধের মূল্য অর্ধেক হয়ে যাবে। চিকিৎসা ব্যয় অর্ধেক হবে। কৃষক তার পণ্যের মূল্য পাবেন। শুধু ঢাকার নয়, সারাদেশের উন্নয়ন করা হবে।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তফসিলের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, ইভিএম ব্যবহার না করা, খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তিসহ সাত দফা দাবিতে বুধবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বুধবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।