Sylhet Today 24 PRINT

খন্দকার মুক্তাদির কারাগারে

নিজস্ব প্রতিবেদক |  ২৫ অক্টোবর, ২০১৮

সিলেটের জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভা থেকে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটকের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট কোতোয়ালি থানার দায়েরকৃত নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ২০মিনিটে মহানগর পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে ভিড় করেন এবং খন্দকার মুক্তাদিরের মুক্তি দাবি করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল হতে পুলিশের উপর হামলার অভিযোগে এ মামলা করে পুলিশ। কোতোয়ালি থানার মামলা নং-১৭। এতে সন্দেহভাজন আসামী হিসেবে খন্দকার মুক্তাদিরকে গ্রেপ্তার দেখানো হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আটক খন্দকার মুক্তাদিরসহ ৪ জনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে গত বুধবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পরে রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার তাকে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.