Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে ককটেল বিস্ফোরণের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

বালাগঞ্জ প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০১৮

বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বোয়ালজুড় বাজারস্থ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন বালাগঞ্জ থানা পুলিশের এসআই কামরুল হোসাইন।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম জালাল উদ্দিন। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মামলায় তাকে আটক করা হয়।

এর আগে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় সিরাজপুর গ্রামের সমছু মিয়ার ছেলে বাবুল মিয়াকে একই মামলায় গ্রেপ্তার করে বালাগঞ্জ থানা পুলিশ।

১২ অক্টোবর উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু বাদী হয়ে অজ্ঞাত ১৪০-১৫০ জনকে আসামি করে বালাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং-১)।

উল্লেখ্য, ১০ অক্টোবর রাতে বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজার, দেওয়ান বাজার ইউনিয়নের মোরার বাজার এবং স্থানীয় সিরাজপুর ও সুলতানপুর গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.