Sylhet Today 24 PRINT

সিলেটের উন্নয়ন যার হাত দিয়েই হোক, এটা আমার উন্নয়ন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৫ অক্টোবর, ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সিলেটের উন্নয়ন যার হাত দিয়েই হোক, এটা আমার উন্নয়ন। এটা স্বীকার করতেই হবে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট সার্কিট হাউজের সামনে সুরমা নদীর তীর ঘেঁষে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিরোধী (বিএনপি) দল সাথে আছে বলে ঐক্যফ্রন্ট দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে, তবে নির্বাচনে আওয়ামী লীগই জিতবে। কারণ ফ্রন্টভুক্ত দলগুলো ইতিমধ্যেই জনগণের কাছে অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কেউ কেউ বিএনপির সাথে জোট করে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে চাইছেন- এমন বক্তব্যকে 'হিপোক্রেসি' বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। এ ধরনের মন্তব্যকে 'মুনাফিকি' বলেও অভিহিত করেন তিনি।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ স্থানীয় কাউন্সিলররা।

প্রসঙ্গত, সিলেটের সুরমা নদীর তীর ঘেঁষে সার্কিট হাউজের সামনে থেকে কালিঘাট, মাছিমপুর, মেন্দিবাগ, নোয়াগাও হয়ে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত রিটেইনিং ওয়াল এবং ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.