Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রবাসীর মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০১৮

কুলাউড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এসকে রানা (৪৩) নামক এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ২টার দিকে উপজেলার গাজীপুর-ফুলতলা সড়কের গাজীপুর চা-বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত রানা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার গোবিন্দবাটি (কাটাজুড়ি) গ্রামের ফজলু খার ছেলে।

জানা যায়, কুলাউড়ার গাজীপুর চা-বাগান সড়কে কৃষ্ণর দোকান নামক স্থানে এসকে রানা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খান। এতে মাথার হেলমেট ভেঙে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন জানান, রানার লাশ ময়নাতদন্ত ছাড়া নিয়ে যাওয়ার জন্য পরিবারের লোকজন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.