সিলেটটুডে ডেস্ক | ২৫ অক্টোবর, ২০১৮
বাংলাদেশে গ্লোবাল লিডার তৈরি করার লক্ষ্য নিয়ে সিলেটে ইংলিশ অলিম্পিয়াড এর দ্বিতীয় আসরের বাছাইপর্ব শুক্রবার (২৬ অক্টোবর) নগরীর ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
এটি ইংরেজিতে দক্ষতা যাচাই ভিত্তিক প্রতিযোগিতা, যেখানে প্রশ্নপত্র নির্ধারিত হবে ছয়টি গ্রুপের ওপর নির্ভর করে। প্রতিযোগিতায় তিনটি বাছাইপর্ব থাকবে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সিলেট প্রেসক্লাবের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে ‘ইংলিশ অলিম্পিয়াড’ এর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
Inspiring Leadership নামক স্লোগান নিয়ে যাত্রা করা এই আয়োজনের যৌথ উদ্যোক্তা হলো দাতব্য সংস্থা WOC এবং English Olympiad।
আয়োজকরা জানান, এটি একটি ইংরেজি দক্ষতা যাচাই ভিত্তিক পরীক্ষা, যেখানে প্রশ্নপত্র নির্ধারিত করা হবে ৬টি গ্রুপের ওপর নির্ভর করে। প্রতিযোগিতায় তিনটি বাছাইপর্ব থাকবে। বাছাইপর্বে প্রতি জেলা থেকে প্রথম ১০ জনকে থিয়েটার পর্বের জন্য বাছাই করা হবে। তাদের থিয়েটার পর্বে ইন্টারভিউ দিতে হবে এবং ফাইনাল পর্বে তাদের ইংরেজির দক্ষতার ওপর একটি পরিপূর্ণ পরীক্ষা দিতে হবে।
তারা জানান, ‘ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে নেতৃত্ব তৈরি করতে চাই। এরই মধ্যে এমন অনেককে খুঁজে পেয়েছি, যাদের নেতৃত্ব দানের ইচ্ছা এবং যোগ্যতা রয়েছে। তবে সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে এবং ইংরেজি ভালোভাবে না জানার কারণে তারা সামনে আসতে পারছে না। তাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি।’
তারা আরও জানান, ২০১৯ সালের মধ্যে ২৫টি দেশে ইংলিশ অলিম্পিয়াড আয়োজন করা হবে। ২০২০ সালের মধ্যে ১০০টি দেশে এ প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হিমাদ্রী শেখর রায়, ইংলিশ অলিম্পিয়াড চিফ অরগানাইজার মোহাম্মদ আমানুল্লাহ, পাবলিক রিলেশনস অফিসার তাহিয়া তালবিয়া মিম, ন্যাশনাল ইভেন্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল জাফরি, ডিভিশনাল কো-অর্ডিনেটর নাজমুল হোসাইন নাবিল।